নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবে ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৪ মে (রবিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই দিন ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
করোনাভাইরাস মহামারির মধ্যে এবার উদযাপিত হবে ঈদ। ভাইরাসটির বিস্তর ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে। ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সংযুক্ত আরব আমিরাতের সরকার একটি চাঁদ দেখা কমিটি গঠন করেছে। শুক্রবার সন্ধ্যায় আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক আয়োজনের কথা রয়েছে। তবে কমিটির সিদ্ধান্ত এখনও জানা যায়নি।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে শুক্রবার চাঁদ দেখা যায়নি। তাই এই দেশগুলোতেও রবিবার ঈদ উদযাপিত হবে।
বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
শনিবার চাঁদ দেখা গেলে দেশে রবিবার ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে সোমবার ঈদ উদযাপিত হবে।
