এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান নিখোঁজের চারদিন পর উদ্ধার হয়েছে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের লাশ।
শুক্রবার (৩ জুলাই) উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদীতে সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে বিষয়টি সিরাজদিখান থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা এবং মৃত নওয়াব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। তিনি বলেন, চারদিন ধরে আমরা বাবাকে খুঁজছিলাম। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে এখানে এসে মরদেহটি শনাক্ত করি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয়নি।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জের বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে উপ-পরিদর্শক মো. সেলিম তদন্ত করছেন।
