এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বালুচর বাজারের চৌরাস্তায় মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
একটি গ্যারেজের বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে হাতাহাতির জেরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬ জন টেটাবিদ্ধসহ প্রায় ৩০ জন আহত হয় এবং ভাঙচুর হয় অন্তত ১০টি দোকান।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বালুচর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সিরাজদিখান থানার ওসি জানান, পরিস্থিতি এখন শান্ত আছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
