নিজস্ব প্রতিবেদক : বিএসটিআই নিবন্ধন সনদ না নিয়ে পণ্য বিক্রি করায় কেক উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মি. বেকারসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে খাবার পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি মামলাও করা হয়।
পৃথক দুটি অভিযানে এসব জরিমানা করা হয়। এর মধ্যে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীর গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ অভিযানে মি. বেকার এবং ব্রেড অ্যান্ড বিয়ন্ডকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করায় এ অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া ঢাকা জেলার মিরপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এখানে অবৈধভাবে খাবার পানি বাজারজাত করায় নামবিহীন এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
