মশার কয়েলের আগুনে মাসহ দুই সন্তানের মৃত্যু

রাজধানীর মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় ভোর রাতে মশার কয়েলে লাগা আগুনে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে আরবান শিশু পার্ক সংলগ্ন একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মা কল্পনা (৩০) এবং তার দুই সন্তান জান্নাত (১২) ও কাউসার (১০)।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভোর সোয়া ৪টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে তিনটি কাঁচাঘর পুড়ে গেছে। পরে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, মশার কয়েল থেকে ঘরে আগুন লেগেছে। মরদেহগুলো উদ্ধার করে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *