‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ,  সুন্দরবনে অবমুক্ত

‎ম. ম. রবি ডাকুয়া,বাগেরহাট: ‎বাগেরহাটের শরণখোলা উপজেলার খুঁড়িয়াখালী গ্রাম থেকে একটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।

‎রোরবার সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে নদী সাঁতরে হরিণটি স্থানীয় বাসিন্দা জামাল মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে অথবা দলছুট হয়ে হরিণটি লোকালয়ে চলে আসে।

‎খবর পেয়ে বনবিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

‎ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, ভেজা শরীরে হরিণটি বাড়িতে ঢুকে পড়ে এবং পরে গ্রামবাসীর সহায়তায় সেটিকে নিরাপদে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

‎পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে সেটিকে অবমুক্ত করা হয়।

‎তিনি আরও বলেন, সুন্দরবনের প্রাণীদের মধ্যে হরিণ তুলনামূলক ভীতু স্বভাবের। হঠাৎ আতঙ্কজনক পরিস্থিতিতে তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। তবে প্রশিক্ষিত দলের তৎপরতায় হরিণটিকে সুস্থ অবস্থায় উদ্ধার ও অবমুক্ত করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *