আন্তর্জাতিক ডেস্ক: নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ রয়েছে শত শত মানুষ।
নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ৮২৬ জন এখনো নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ সদস্যও রয়েছেন।
এ ছাড়া নিখোঁজ পর্যটকের সংখ্যা ৬৪৪। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক এবং ১২৭ জন নেপালি।
তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেপাল ও চীনের তিব্বতে হিমালয়ঘেঁষা এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক।
বন্যার পানির স্রোতে রাসুয়া ও অন্যান্য জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ত্রিশূলী ও নারায়ণী নদী অববাহিকা দিয়ে নিম্নাঞ্চলের দিকে ধেয়ে যায়। এতে জনবসতি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগকবলিত এলাকাগুলোতে সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার, তল্লাশি ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ অব্যাহত রয়েছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট/রয়টার্স
