নবাবগঞ্জে রতন হত্যার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবঞ্জ উপজেলায় ইমরান শিকদার রতন হত্যা মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ১৬ জুন মামলার রায় দেন আদালত। ৯ বছর পর ছেলে হত্যার বিচার পেয়ে খুশি নিহতের বাবা আবুল কাশেম।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৯ মার্চ দিবাগত রাতে উপজেলার নুরনগর গ্রামে একটি বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় আবুল কাশেমের ছেলে ইমরান শিকদার রতনকে ছুরিকাঘাত করে রতন সরকার নামে এক বখাটে। পরদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমরান শিকদার রতন। মৃত্যুর আগে ভিকটিম রতন তার পরিবারকে আক্ষেপ করে বলেন, “রতন আমাকে ছুরি দিয়া পার মারিয়া বাঁচতে দিল না”।

এঘটনায় রতনের পিতা আবুল কাশেম বাদি হয়ে ১ লা এপ্রিল স্থানীয় গৌর চন্দ্র সরকারের ছেলে রতন সরকার (২৪) কে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করেন। (মামলা নং-৫৬৩/১৪, ধারাঃ ৩০২ দঃবি)।

মামলার বাদি পক্ষের আইনজীবি মোঃ রতন মিয়া শ্রেষ্ঠ জানান, মামলাটি শুরু থেকে রায় পর্যন্ত আমি এবং প্রসিকিউটর বাদি পক্ষে বিচারিক কাজে আইনজীবী হিসেবে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক শুনানিসহ বিচারকাজ সম্পন্ন করি। দীর্ঘ নয় বছর পর বিচারকার্য শেষে আসামি রতন সরকাকে বিজ্ঞ ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

তিনি আরও বলেন, এটা আমার জীবনের প্রথম প্রসিকিউশন পক্ষে মার্ডারের মামলার রায়। চেস্টা করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহযোগিতা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *