নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী বাজারে দীর্ঘদিন ধরে কাঁচামালের ব্যবসার আড়ালে শুভাষ বিশ্বাস (৫৫) ও আবুল কালাম শিকদার (৫৪) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ অভিযান চালিয়ে বাজার থেকে ৬৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। আটককৃত শুভাষ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মাদলা গ্রামের মৃত ধীরেণ বিশ্বাসের ছেলে এবং আবুল কালাম শিকদার একই গ্রামের মৃত সবুর শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুভাষ তার কাঁচামালের দোকানে বসে সহযোগী আবুল কালামকে নিয়ে ইয়াবা বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দোকান থেকেই শুভাষ ও আবুল কালামকে আটক করে। এ সময় শুভাষের পকেট ও তার ছালার ভিতর থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। এব্যাপারে পরিদর্শক মো. মহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
