দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় ৬ মাস বয়স থেকে ৫ বছরের নিচে সকল শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে হাম-রুবেলা টিকা গ্রহণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সুস্থতা ও মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য ব্যাপক প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করা হবে।
