সরকারের নির্দেশনা অনুযায়ী এই প্রথম দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’ উদযাপন। এরই ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে দোহার উপজেলা প্রশাসনের ‘হৃদ লহরী’ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাঈদুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, চেতনা ও দেশপ্রেম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই সরকারের এই অনন্য উদ্যোগ। এই প্রতিযোগিতা তৃণমূলের প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে জেলা এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন।
