নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার বাংলাবাজার এলাকায় গাড়ির গতিরোধ করে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়। মঙ্গলবার (০২ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার নাগেরকান্দা এলাকার ফরহাদ লস্কর(৪৫), তার স্ত্রী বিজলী আক্তার (৩৮) ছেলে মাসুদ লস্কর (২২) ছেলের বউ বিথি আক্তার(২০)।
এঘটনায় ভুক্তভোগী ফরহাদ লস্কর জানান, মানিকগঞ্জ থেকে তার নিজ বাড়ি নাগেরকান্দা যাওয়ার পথে বাংলাবাজার এলাকায় দুটি মোটর সাইকেলে থাকা ৫জন তাদের গতিরোধ করে গাড়ি ভাংচুর ও গাড়ির ভেতরে থাকা চারজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তিনটি স্বর্ণের চেইন, একটি আংটি, তিনটি মোবাইল ফোন ও সাথে থাকা নগদ ১৫হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় স্থানীয় রকি, অনিক ও আসিফসহ আরও দুইজন। এসময় ফরহাদ লস্করের অন্তসত্ত্বা ছেলের বউকে লাথি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এই ঘটনার পর আহত ফরহাদ লস্কর দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে চরমাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন বিশ্বাস জানান, এবিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
