ঢাকার দোহার উপজেলার জয়পাড়া করম আলীর মোড় এলাকায় রবিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে স্থানীয় জনসাধারণ একটি ট্রাক আটক করেন। যাতে প্রায় ১০০০ লিটার অবৈধ পেট্রোল পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত পুরো পেট্রোল স্থানীয় একটি পেট্রোল পাম্পে বিক্রয়ের নির্দেশ দেন। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশও প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তারসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ মজুদদারীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এ বিষয়ে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
