নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) উপজেলার রাইপাড়া ইউনিয়নের নাগেরকান্দা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঘরগুলোর অবস্থা পরিদর্শন করেন তারা। পাশাপাশি তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা পরিষদ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তারও আশ্বাস দেন উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার নাগেরকান্দা এলাকার মো. আবুল কালামের বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে চার ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। এতে ক্ষয়ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকার।
