ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে উপজেলা প্রাঙ্গনে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কমিটির সভাপতি মো. আবুল কাশেমের নেতৃত্বে নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের প্রতি সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ঢাকা জেলা তথ্য অধিকার আইন কমিটির সদস্য মো. আবুল কাশেম বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব বীর শহিদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং একটি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশপ্রেম শুধু কথায় নয়, কাজে প্রকাশ করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে সততা ও নৈতিকতা চর্চার মাধ্যমে আমরা প্রকৃত অর্থে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন শিমু ও মহিউল মিল্লাত, সাধারণ সম্পাদক মনজুর রশিদ, সদস্য মো. সোহরাব উদ্দিন, নিগার সুলতানা, সদস্য সাংবাদিক নাজনীন শিকদারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
