ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আজ শনিবার ভোর রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে সকল হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি, কিছুক্ষণ পর জানা যায় নিহত ৭ জনের মধ্যে ২জন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা, ১ জন নওগাঁর। ঠাকুরগাঁওয়ের তামান্না আক্তার (২৭), চালকের সহকারী আমিনুল (৪০) নওগাঁর এবং রাজীব ভূঁইয়া (৩০)। আহত অন্তত ২০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ৫ জন নিহত হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।
তিনি বলেন, ‘আমরা রাত ৩টার পর দুর্ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন মারা গেছেন। তখন আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত আরও ছয়জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
