এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়ায় একটি ফিলিং স্টেশনের তেলের ট্যাংক থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১১:৪৫ টার দিকে পুলিশের উপস্থিতিতে শ্রীগনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবুরির সহায়তায় মরদেহ উদ্ধার করে। নিহতের কিশোরের নাম জুনায়েদ (১২)। সে ওই ফিলিং স্টেশনের পাশের নয়াপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুমউদ্দিন চৌধুরী এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, “আমরা রাত ৮ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফিলিং স্টেশনের তেলের ট্যাংকিতে মরদেহ দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে তারা ডুবুরির সহায়তায় প্রায় তিন ঘন্টা পরে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহ দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে এটি প্রায় ৭-৮ ঘন্টা ধরে ট্যাংকিতে পড়েছিলো।”
তিনি আরও বলেন, “ফিলিং স্টেশনটি গত দুই সপ্তাহ ধরে বন্ধ ছিলো। নিহতের বাড়ি ফিলিং স্টেশনের পাশেই হওয়াতে সে এখানে প্রায়ই আসতো। কিভাবে এই নিহতের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
মরদেহ বর্তমানে থানায় রয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।
এদিকে, মরদেহ উদ্ধারের সময় তেলের ট্যাংকিতে কোনো গ্যাস রয়েছে কিনা তা দেখতে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন জ্বালালে একটি বিস্ফোরণের সৃষ্টি হয়। এতে ফায়ার সার্ভিসের একজন সদস্য দগ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
