শাহিনুর রহমান : ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে তাদের ধর্মীয় উপাসনালয় গির্জায় গির্জায় নারী পুরুষ শিশুসহ সব বয়সের মানুষ বিশেষ প্রার্থনার জন্য হাজির হয়ে প্রভু যীশুর কাছে ধ্যানমগ্ন হয়ে প্রার্থনা নিবেদন করেণ। সকাল ১০টা পর্যন্ত তাদের খ্রিষ্টযোগ চলে। এ সময় মহান যীশুর কল্যাণের বাণী আলোচনা হয়।
বড়দিনের উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের পক্ষ থেকে এমপির প্রতিনিধি ইফতেখার আহমেদ হৃদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন মনজুকে সাথে নিয়ে দুই উপজেলার ৬টি গির্জায় কেক পাঠিয়ে বড়োদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বক্সনগর খ্রিষ্টান পল্লীর সভাপতি রিচার্ড মুকুল গমেজ বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অত্যন্ত‘ শান্তিপূর্ণ ভাবে আমাদের বড়দিন পালিত হয়েছে। আমাদের বড়োদিনে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সব ধর্মের মানুষের সাথে সৌহার্দপূর্ণতা বজায় রেখে প্রতি বছর উৎসবটি পালিত হয়ে থাকে।
হাসনাবাদ জপমালা রাণীর গির্জার ফাদার ম্যাক্সওয়েল বলেন, দোহার, নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রায় ৩ হাজার খ্রিষ্টান পরিবার শান্তিপূর্ণ পরিবেশে বড়দিনের উৎসব পালন করেছে। এ উৎসব বুধবার বড়দিনের কির্তনের (ক্যারল) বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে শেষ হয়েছে। প্রতিটি উপাসনালয়ে প্রভু যীশুর কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।
