এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। অভিযানকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপপ্রকৌশলী রফিকুল ইসলাম এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
