এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ষোলঘর স্ট্যান্ড সংলগ্ন ঘাসের ওপর বৃদ্ধ ব্যক্তিটিকে শুয়ে থাকতে দেখেন এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে তার কোনো নড়াচড়া না থাকায় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, স্থানীয় ইউপি সদস্য বিষয়টি জানালে সাথে সাথে অফিসার ও ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে
