এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, র্যালি ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বর্ষা মৌসুমে প্রতিবছরই ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পায়। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। এ জন্য বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, বিএনপি নেতা নুরুজ্জামাল শিকদার, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসীম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
