জাতিসংঘের বিশ্ব যুব সম্মেলনে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি তামরিন

নিজস্ব প্রতিবেদক, আরব আমিরাত থেকে: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে আন্তর্জাতিক যুব সম্মেলন ‘ফিউচার উই ওয়ান্ট মডেল ইউনাইটেড নেশনস (এফডব্লিউএমইউএন) সম্মেলন ২০২৬’। এতে একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী তরুণ প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী তামরিন।

শুক্রবার (৩১ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে সম্মেলনের প্রতিনিধি হিসেবে তার নিবন্ধন সম্পন্ন হয়। এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নির্বাচিত তরুণ নেতাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

জানা গেছে, এবারের সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন তরুণ প্রতিনিধি অংশ নিলেও তাদের পাসপোর্ট বাংলাদেশি নয়। ফলে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তামরিনই সম্মেলনে সরাসরি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

চার দিনব্যাপী সম্মেলনে বিশ্ব শান্তি, কূটনীতি, তরুণ নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং বৈশ্বিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হবে। আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতা বিকাশে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী তামরিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববির জ্যেষ্ঠ কন্যা। প্রবাসে বেড়ে উঠলেও বাবা-মায়ের অনুপ্রেরণায় তিনি বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধ ধারণ করে বেড়ে উঠেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

তামরিনের বাবা সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি বলেন, একজন বাংলাদেশি ও একজন প্রবাসী বাবা হিসেবে এটি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমার মেয়ে প্রমাণ করেছে, সুযোগ পেলে বাংলাদেশি তরুণরা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে।

তিনি আরও বলেন, জ্ঞান, প্রজ্ঞা ও সততার মাধ্যমে তামরিন যেন দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এফডব্লিউএমইউএন জাতিসংঘের আদলে পরিচালিত একটি আন্তর্জাতিক শিক্ষামূলক সম্মেলন। এতে অংশগ্রহণকারী তরুণদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং বৈশ্বিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারণী আলোচনার অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *