জয়পাড়ায় চুল রিবন্ডিং করতে গিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ, পার্লারের বিরুদ্ধে প্রতারণার দাবি

ঢাকার দোহার উপজেলার জয়পাড়ার চৌধুরী হাইটসে বহুল পরিচিত বিউটি পার্লার রাব্বিস মেকওভার এন্ড বিউটি ওয়ার্ল্ড-এর বিরুদ্ধে চুল রিবন্ডিং করতে গিয়ে চুল পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী প্রতারণার অভিযোগও তুলেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভুক্তভোগী নারী জানান, তিনি ও তার আরও তিনজন পরিচিত নারী পার্লারটিতে চুল রিবন্ডিং করাতে যান। এ সময় তার কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা এবং অন্য তিনজনের কাছ থেকে মোট ২৪ হাজার টাকা নেওয়া হয়। তবে প্রক্রিয়া শেষে তাদের চুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও পুড়ে যায় বলে অভিযোগ করেন তারা।

তিনি বলেন, ‘রিবন্ডিং করার পর দেখি চুল একেবারে পুড়ে গেছে। এখন আমার টাকা ফেরত দিতে চাইলেও অন্যদের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছে পার্লার কর্তৃপক্ষ।’
ভুক্তভোগীদের দাবি, যথাযথ প্রশিক্ষণ ও সতর্কতা ছাড়া রাসায়নিক ব্যবহার করার কারণেই এ ক্ষতি হয়েছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে পার্লার কর্তৃপক্ষের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *