কেরানীগঞ্জে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে সিএনজি অটোরিকশা ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে। নিহত সিএনজি চালকের নাম মোহাম্মদ শরীফ হোসেন (২৫)। তার বাড়ি ভোলা জেলায় হলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। ০১ জুন বুধবার রাত ১০টায় কলাতিয়া ইউনিয়নের রঞ্জিতপুর এলাকায় বাইতুল আল-আকসা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোঃ মতিউর রহমান জানান, রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সিএনজি চালক মোঃ শরীফ হোসেন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে আসে। যাত্রী নামিয়ে খালি সিএনজি নিয়ে সে আবার মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল। সিএনজিটি রঞ্জিতপুর বাইতুল আল আকসা জামে মসজিদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা কলাতিয়া বাজার গামী ইট বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মোহাম্মদ শরীফ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে আশেপাশের লোকজন ঘাতক ট্রাকসহ চালককে আটক করে কলাতিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, আটক চালকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *