আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর আইনজীবীর অসৌজন্যমূলক আচরণে কেজিইউজের নিন্দা

 মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রাম জেলা জজ আদালত চত্বরে সাংবাদিকদের ওপর আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। শনিবার (৬ সেপ্টেম্বর) কেজিইউজে এর সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন লিটন সাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর জেলা জজ আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টরা কতিপয় আইনজীবীর অপেশাদার ও ঘৃণ্য আচরণের শিকার হন।

এছাড়া গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতের এজলাস কক্ষে একাধিক সাংবাদিকের ওপর আইনজীবীদের ন্যাক্কারজনক হামলারও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। কেজিইউজে মনে করে, আদালত রাষ্ট্রের নাগরিকদের ন্যায়বিচারের শেষ ভরসাস্থল। আইনজীবীরা বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিলেও বারবার দেখা যাচ্ছে সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। এসব ঘটনায় আদালতের মর্যাদা ও আইনজীবীদের আচরণবিধি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই তাদের পবিত্র দায়িত্ব। কেউ সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করলে সেটা তাদের জ্ঞানের দৈন্যতা ছাড়া আর কিছু নয়।” এসময় আদালতের মর্যাদা রক্ষায় কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনজীবীদের পেশাদার আচরণ চর্চার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *