আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ অগাস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিশা। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন তার আইনজীবী নিহার হোসেন ফারুক।

গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা।

তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্ন ছিল না।
বাদীপক্ষের দাবি, এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়ার কথা উল্লেখ থাকায় আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন।

সমনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *