অবিশ্বাস্য! তবুও সত্যি স্কটল্যান্ডের কাছে বাংলাদেশের হার

অবিশ্বাস্য! তবে এটাই সত্যি। বাংলাদেশ হেরে গেছে পুচকে স্কটল্যান্ডের কাছে। অথচ বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে বেশ হেসেখেলেই হারিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। পেয়েছিল দারুণ আত্মবিশ্বাস। তবে টাইগার শিবিরের সেই আত্মবিশ্বাসের অপমৃত্যু ঘটল প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই হার শুধু টাইগার ক্রিকেট সমর্থক কিংবা এ দেশের ক্রিকেটের সঙ্গে জড়িতদের আশ্চর্য কিংবা হতাশ করেনি। এই যেমন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে সুনাম কুড়ানো আকাশ চোপড়া বাংলাদেশের হার নিয়ে আক্ষেপ করে লিখেছেন, ‘এটা (এই হার) বড্ড ভোগাবে। ভোগানো উচিতও।’

ভারতের ক্রীড়া প্রযোজক এবং ক্রিকেট পরিসংখ্যান নিয়ে কাজ করা সারাং ভালেরাওয় প্রশ্ন ছুড়েছেন, প্রথম দিনই অঘটন দেখল না তো ক্রিকেট বিশ্ব! তার সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভারতের ক্রীড়া সাংবাদিক চেতন নারুলার টুইটে। তিনি সরাসরিই, এটাকে অঘটন বলছেন।

তবে এই জয়ে অনেকে স্কটল্যান্ডের কৃতিত্বকে সামনে আনছেন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এডিটর-ইন-চিফ সামবিত বাল ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘এবারের বিশ্বকাপকে চমকপ্রদ এক শুরু এনে দিল স্কটল্যান্ড। বড় দলকে হারানো, বড় কাজই বটে। আর ৫৩ রানে ৬ উইকেট হারানোর পর স্কটল্যান্ডের বাকি অর্ধেক পথ অবিশ্বাস্য ছিল।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের উপস্থাপিকা পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব জইনব আব্বাসও টুইটে প্রশংসা করেছেন স্কটল্যান্ডের, ‘বাংলাদেশ এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়েকে হারিয়ে খেলতে এসেছিল। ভালো খেলায় স্কটল্যান্ডকে কৃতিত্ব দিতেই হয়। সবচেয়ে বড় কথা, মাঠে তারা ছিল দুর্দান্ত।’

বাংলাদেশের হারের পেছনে ব্যাটিং ব্যর্থতা যেমন দায়ী, এমনি দায়ী ক্রিস গ্রেভসও। তার অলরাউন্ডিং নৈপুণ্যই ব্যবধান গড়ে দিয়েছে বাংলাদেশ-স্কটল্যান্ডের। দক্ষিণ আফ্রিকান চ্যানেল সুপারস্পোর্টসের সম্প্রচারকারী এবং লেখক ডেরেক আলবার্টস তাই প্রশংসা বানে ভাসিয়েছেন গ্রেভসকে, ‘প্রথম দিনেই দৈত্য বধ। স্কটল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় জন্ম এবং বেড়ে ওঠা ক্রিস গ্রেভস সে জয়ে রেখেছেন অবদান।’

ক্রিকেট নিয়ে কাজ করা নিখিল নামের একজন আবার অপ্রিয় এক সত্যকে সামনে তুলে ধরেছেন। বাংলাদেশ নিজেদের কন্ডিশনের সুবিধা নিয়ে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছিল। রীতিমতো খোঁচা দিয়েই নিখিল তাই লেখেন, ‘এটা কোনো অঘটন নয়। ছন্দে থাকা একটা দল তাদের হারিয়েছে, যারা জয়ের জন্য কন্ডিশনের সুবিধা খোঁজে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *