কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : দক্ষিণ কেরানীগঞ্জের স্ট্যান্ড বাজার এলাকায় কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তারের নির্বাচনী গাড়ি বহরে হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষ৷ এতে বিপ্লবের স্ত্রী সহ চারজন আহত হয়েছে। এই হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগ সূত্রে জানা যায় কাপপিরিচ মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আলতাব হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার একটি মাইক্রোবাস যোগে গাড়িবহর নিয়ে কোন্ডা ইউনিয়নের স্ট্যান্ড বাজার এলাকায় কাপ পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচারণায় যায়।
এ সময় আনারস প্রতীকের কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৭-৮ জন ওই গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় গাড়িতে থাকা আলতাব হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার ও তার সহকর্মীদের পেট্রোল ঢেলে আগুনে পুড়ে ফেলার হুমকি দেয়। তারা সোনিয়া আকতারের নির্বাচনী গাড়িবহরের আরো দুটি গাড়িও ভাঙচুর করে।
এই ঘটনায় সোনিয়া আক্তারসহ চারজন আহত হয়েছে। এ ব্যাপারে কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব জানান, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে আমার প্রতীকের নির্বাচনী গাড়ি বহরের এই নেক্কারজনক এই হামলা করা হয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। সুষ্ঠ নির্বাচন হলে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ এর সাথে মোটো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হবে।
