মো.রকিবুর হাসান বিশ্বাস (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পর্শে সবুজ (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঈদের দিন সোমবার (২৫ মে) সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওই গ্রামের মৃত.আব্দুল আজিজের ছেলে। সে স্থানীয় গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার(২৫ মে) ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুড়ি উড়ানো শেষ করে বাড়িতে আসে সবুজ। সন্ধ্যায় নতুন আরেকটি সাঁপ ঘুড়িতে লাইট ফিটিং করে উড়ানোর উদ্দেশ্যে বের হয়। ঘুড়ির লাইটের ব্যাটারির চার্জ শেষ হলে সবুজ ব্যাটারি তৎক্ষণাৎ চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুতের ফ্লাকে অজান্তেই আঙ্গুল ডুকে যায় সবুজের। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আজ মঙ্গলবার(২৬ মে) সকালে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সবুজের পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
