জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৮তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ এপ্রিল)। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি হাতে নিয়েছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে একই রকম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ সকাল আটটায় এবং জাতীয় গণতান্ত্রিক লীগ সকাল ১০টায় তাঁর মাজার চত্বরে আলোচনা সভা আয়োজন করেছে।
প্রথিতযশা বাঙালি এই রাজনীতিবিদ ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে ছিলেন অন্যতম। ১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
