আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে আপাতত স্থানীয় সরকার নির্বাচন স্থগিতের দাবি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপাতত স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা।
তার অভিযোগ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূলে আবারও সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে মো. সিদ্দিক মোল্লা উল্লেখ করেন, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে নিষিদ্ধ এই দলটির নেতাকর্মীরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছেন এবং গোপনে সংগঠিত হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
দলের অভ্যন্তরীণ কিছু সম্ভাব্য প্রার্থীর ভূমিকার কঠোর সমালোচনা করে জেলা স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের একাংশ নিজেদের ভোটব্যাংক ও প্রভাব বাড়ানোর লোভে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এর ফলে পতিত ফ্যাসিবাদী শক্তির দোসররা নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এটি দলের ত্যাগী নেতাকর্মীদের জন্য চরম অবমাননাকর এবং দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে তিনি মন্তব্য করেন।
তৃণমূলে বিশৃঙ্খলা ও নিষিদ্ধ সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়া রুখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের শৃঙ্খলা রক্ষা এবং স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা বন্ধ করতে হলে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কোনোভাবেই সমীচীন হবে না। বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আপাতত স্থগিত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *