স্ত্রীর দেনমোহর ও ভরণপোষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি: স্ত্রীর করা দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সাতকানিয়ার কেরাণীহাট এলাকার ২ নম্বর ব্রিজের পাশ থেকে আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান মিজানুর রহমান। এর কিছুদিন পর তার স্ত্রী শাহীনা আক্তার দেনমোহর ও ভরণপোষণের দাবিতে আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই মিজানুর রহমান তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং নিয়মিত ভরণপোষণ দেওয়া বন্ধ রাখেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি আইনের আশ্রয় নেন। এ ছাড়া তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং আরও কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।
শাহীনা আক্তার বলেন, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান তার কোনো খোঁজ রাখছেন না। যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং ভরণপোষণও দিচ্ছেন না। নানা চেষ্টা করেও সমাধান না পেয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। নিজের আইনগত অধিকার ও ন্যায়বিচার চান তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *