দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর বালু নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির পরিচালনায় ৭৫ নং ওয়ার্ডবাসী ও মোজোর সহযোগিতায় এ আয়োজন করা হয়। ৭৫ নং ওয়ার্ড আহ্বায়ক মো. নেয়ামত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা -৯ আসনের এমপি ও সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নৌকা বাইচে ঢাকার নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সিঙ্গাইরের ৭ টি ঘাসী নৌকা অংশ গ্রহন করে।
প্রধান অতিথি বলেন, একসময় বালু নদীতে প্রতিবছর নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। কিন্তু গত ১৫ বছর ধরে এ আয়োজন বন্ধ ছিল। এবার স্থানীয় বাসিন্দা ও মেয়রের সহযোগিতায় আবারও এ ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, বাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম নৌকা বাইচ। কালের বিবর্তনে নানা কারণে হারিয়ে যেতে বসা এ ঐতিহ্যকে ধরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি।
