মারধর ও বৈদ্যুতিক শকের মামলায় তজুমদ্দিনে গফুর গ্রেপ্তার

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুচিবাড়ির কোনা বাজারে বাবুল নামে এক ব্যক্তিকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মুচিবাড়ির কোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তজুমদ্দিন থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গফুরকে গ্রেপ্তারের জন্য পুলিশ মুচিবাড়ির কোনা বাজারে গেলে পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় বাজারের পশ্চিম মাথায় পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে পুলিশ তাকে ধাওয়া করলে তিনি পাশের একটি সুপারি বাগানে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে ওই বাগান থেকে তাকে গ্রেপ্তার করে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মুচিবাড়ির কোনা বাজারে বাবুল নামে এক ব্যক্তিকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *