কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ রাজু (৪০) । আজ রোববার ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া মুসলিম নগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাজু পুরাতন ভাড়ালিয়া এলাকার মনির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চুরির উদ্দেশ্যে রাজু এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে সন্দেহ করে এলাকাবাসী । একপর্যায়ে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে সে গুরুতর আহত হলে সকাল ৬টার দিকে এলাকাবাসীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেখে চলে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্য শরিফ ও আউটসোর্সিংয়ের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে তার নাম-পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয়দের মারধরের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি চোর ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
