বিনোদন ডেস্ক: দল ক্ষমতা থেকে সরে গেলেও প্রাক্তন তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ফের ‘দাদাগিরি’র অভিযোগ উঠল। এবার বকেয়া টাকা চাওয়ায় এক কাঠমিস্ত্রিকে বাড়িতে ডেকে বসিয়ে রেখে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এই ঘটনায় কলকাতার বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ কাপুর শর্মা নামে ওই কাঠমিস্ত্রি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে সোহম চক্রবর্তীর ফ্ল্যাটের আসবাব তৈরির কাজের দায়িত্ব পান রাজ কাপুর শর্মা। কাজের শুরুতে তাঁকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কথা ছিল, কাজ শেষ হলে বাকি টাকা মিটিয়ে দেওয়া হবে।
রাজ কাপুরের দাবি, চুক্তি অনুযায়ী তিনি পুরো কাজ শেষ করেন। এরপর বকেয়া টাকা চাইতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অভিযোগ, টাকা দেওয়ার কথা বলে তাঁকে সোহমের বাড়িতে ডাকা হয়। সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর টাকা না দিয়ে তাঁকে মারধর করা হয়।
ঘটনার পর বিচার চেয়ে বেহালা থানায় যান রাজ কাপুর। সেখানে তিনি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত সোহম চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একাধিকবার দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ উঠেছে। নিউটাউনের একটি রেস্তোরাঁয় কর্মী ও মালিককে মারধরের অভিযোগ ঘিরেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। গাড়ি পার্কিং নিয়েও সাধারণ মানুষের সঙ্গে তাঁর বচসার অভিযোগ সামনে এসেছে।
গত বিধানসভা নির্বাচনে সোহম পরাজিত হয়েছেন। রাজ্যেও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছে। তার পরেও তাঁর বিরুদ্ধে ফের এমন অভিযোগ ওঠায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
