ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা থেকে বান্দুরা যাওয়ার আঞ্চলিক প্রধান সড়কের মহব্বতপুর এলাকায় একপাশের একাংশ ধসে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কারের ব্যবস্থা না করা হলে রাস্তাটি পুরোপুরি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
সরেজমিনে দেখা যায়, মহব্বতপুর এলাকার প্রধান সড়কের একপাশের মাটি সরে গিয়ে বড় একটি অংশ ধসে পড়েছে। ফলে ওই অংশে রাস্তাটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ জেলা শহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। রাতের বেলা অপর্যাপ্ত আলোর কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির এই বেহাল দশা ,এখন পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি। এভাবে ফেলে রাখলে সামনের দিনগুলোতে রাস্তাটির আরও বেশি ক্ষতি হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী চালকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দাবি জানিয়েছেন, জনস্বার্থে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে যেন অতি দ্রুত রাস্তাটির ভাঙা অংশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।
