গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট: ‎‎ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

‎‎তিনি জানান, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে এফবি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার ১২ জন জেলে নিয়ে মাছ ধরতে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে যায়। এরপর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভাসতে থাকে।

‎‎‎পরবর্তীতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক জেলে ফোন করে বিষয়টি মালিকপক্ষকে জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

‎‎খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটটির সন্ধান পেয়ে ১২ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।

‎‎তিনি আরও জানান, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সহায়তা দেওয়া হয়েছে। ট্রলার মালিকপক্ষের কাছে ট্রলারসহ জেলেদেরকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎‎কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *