কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা: ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য অপসারণে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেখানে ময়লার ভাগাড় আছে সেখান থেকে ময়লা অপসারণ করে সেখানে বৃক্ষরোপণ করে নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। আজকের বৃক্ষ আগামীর নিঃশ্বাস।
খাবার ছাড়া একজন মানুষ ২১ দিন বাঁচতে পারে এবং পানি ছাড়া তিন দিন বাচতে পারে। কিন্তু অক্সিজেন ছাড়া ৩ মিনিটেও বাঁচতে পারবে না। এজন্য পরিবেশে গাছের অনেক প্রয়োজন। তাই আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর পরিবেশ রেখে যেতে পারি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা বড় ধরনের প্রকল্প নিয়ে কাজ করছি।কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বর্জ্য অপসারনে আমরা নানা পদক্ষেপ হাতে নিয়েছি।
কেরানীগঞ্জে সমস্ত বর্জ্য রিসাইকেলিং করা হবে। সেখান থেকে আমরা জৈব সার উৎপাদন করব। সেই সার দিয়ে সবজি উৎপাদন করা হবে। এব্যাপারে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর সাথে আমাদের আলাপ হয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আজ দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গ্রীন এন্ড ক্লীন কেরানীগঞ্জ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কেরানীগঞ্জে বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা নিয়ে এক এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোঃ মাহবুবুর রহমান তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপানা তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর শওকত,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি,নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক মিয়া প্রমুখ।
