মুন্সীগঞ্জে কৃষি জমির মাটি কাটা বন্ধে রাতের বেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। রোববার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া মৌজায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন। এ সময় ঘটনাস্থলের অদূরে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে জমির আংশিক মালিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তার সম্মতিতেই কৃষি জমি থেকে মাটি কাটার কাজ চলছিল।

তবে কৃষি জমির মাটি এভাবে কাটা আইনত দণ্ডনীয় এ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও জানান। পরে ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) বিকল করে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *