দোহারে অসহায় অন্ধ ব্যক্তির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় অসহায় অন্ধ ব্যক্তির পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে দোহার উপজেলা আওয়ামী যুব লীগের সদস্য আবু জুনায়েদ বিপ্লব, অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর এলাহি ও দলিল লেখক মশিউর রহমান উদ্যমের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মো. বাবু খানের পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার লিখিত বক্তব্যে বলেন, আমি মো. বাবু খান। আমি একজন অন্ধ মানুষ। আমার উপজেলার মধুরচর গান্ধী আশ্রমের সাথে আমার বাবা মৃত চান খানের ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি রয়েছে। যার দলিল নং ২৩০৪ (১৯৬৩) সালে রেজিস্টিকৃত। যার মৌজা-মধুর চর, সিএস খতিয়ান নং-১০৬, দাগ নং ৬৫৩, এসএ খতিয়ান নং- ১৩৭, দাগ নং- ১৮৪, ১৮৫, ১৮৬ এবং ১৮। আরএস খতিয়ান নং- ৩০, দাগ নং- ৩২৮, ৩২৯.৩৩০, ৩৩১, এবং ৩৩৯। উল্লেখিত জমিতে আমরা প্রায় ৬০ বছর ধরে ভোগ দখলে আছি। কিন্তু এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী যুব লীগের সদস্য আবু জুনায়েদ বিপ্লব, অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর এলাহি ও দলিল লেখক মশিউর রহমান উদ্যম আমাকে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি, মিথ্যা মামলা এবং হামলার মাধ্যমে জমিটি তাদের নিজ দখলে নেওয়ার চেষ্টা করছে।

বাবু খান বলেন, এর আগে গত ১৩ সেপ্টেম্বর এলাকার মুরুব্বিদের উপস্থিতিতে তারা কৌশলে ভিন্ন দাগের দলিল দেখিয়ে যোগসাজসের মাধ্যমে আমার জমিটি বল পূর্বক দখলে নেয়। তারপর আমি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুলিশ এবং দায়িত্বপ্রাপ্ত সেনা ক্যাম্পের দারস্থ হই। কিন্তু মেজব (অব.) মঞ্জুর এলাহী তার সাবেক সামরিক পরিচয় প্রদানের মাধ্যমে প্রসাশনের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন। যার কারণে আমরা সকল প্রকার প্রশাসনিক সহযোগীতা থেকে বঞ্চিত হয়ে সম্পূর্ণ অসহায়ভাবে দিন যাপন করছি। আমি অন্ধ ব্যক্তি তাই কেউ আমার সহযোগীতা করলে তাকেও হুমকি-ধামকির শিকার হতে হয়। এমন ভীতিকর অবস্থায় আমিসহ আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি।

ভুক্তভোগী বাবু খানের স্ত্রী বলেন, আমরা বার বার প্রশাসনের দারস্থ হলেও তারা কোনো সহযোগিতা করেননি। কিন্তু বিপক্ষ লোকজন ডাকলেই প্রশাসন তাদের ডাকে সাড়া দেয়। তিনি আরো বলেন, থানায় গেলে তারা আর্মির কাছে যেতে বলেন। আবার আর্মির কাছে গেলে থানায় যেতে বলেন। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের জমিটি বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে দোহার প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *