লতা মন্ডল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে একটি মিথ্যা হত্যা মামলার অভিযোগে নিরপরাধ একটি পরিবার জেলে যাওয়ার পর সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি মারামারির ঘটনায় ২৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মো. সৈকত হত্যাকান্ডের ঘটনায় ভিন্নমতের কারণে প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে ত্রিকোট খালপাড় গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে ,আব্দুল কাদের, মো. মিন্টু,শিহাবউদ্দিন,মৃত আনোয়ার হোসেনর ছেলে লোকমান হোসেন স্বপন, দারগ আলীর ছেলে মো. পলাশকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
ওই পরিবারের বিরুদ্ধে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা মামলার ফাঁদে ফেলে। এ সুযোগে প্রতিপক্ষরা তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের নারী-শিশুরা চরম আতঙ্কের মধ্যে পড়ে।
স্থানীয়রা জানান, নির্যাতিত পরিবারের নারী ও শিশুরা আতঙ্কে এখন আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর স্বজনরা জানান, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত শত্রুতার জেরে এ মামলা ও হামলার ঘটনা ঘটেছে। তারা দ্রুত মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের বিচার দাবি করেছেন।
নির্যাতিত পরিবারের দাবি, তারা নির্দোষ। প্রতিপক্ষরা তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সর্বস্বান্ত করার জন্যই এই মিথ্যা হত্যা মামলা দিয়েছে। তারা প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে ন্যায়বিচারের দাবী জানিয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর বলেন, জানতে পেরেছি সৈকত হত্যা মামলার আসামী মো. কাদের র্দীদিন জেলে থাকার পর জামিনে ছাড়া পেয়েছে। কাদেরদের একটি সিআর মামলা হয়েছে যা পিবিআই তদন্ত করছেন।
