ভূরুঙ্গামারী সরকারি কলেজের নবীনদের গাছ দিয়ে বরণ করলো উপজেলা ছাত্রদল

মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে উপজেলা ছাত্রদল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দিয়ে স্বাগত জানানো হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবীনদের হাতে গাছের চারা তুলে দেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পরিবেশ রক্ষায় সচেতন হয়ে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মাইদুল হোসাইন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রোকুজ্জামান রনিসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা। নেতৃবৃন্দ বলেন— “নবীনদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে আমরা শুধু স্বাগত জানাইনি, বরং তাদের মাঝে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে চেয়েছি।” গাছ উপহার পাওয়ায় আনন্দিত নবীন শিক্ষার্থীরা জানিয়েছেন, এ আয়োজন ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তারা গাছগুলো যত্নসহকারে রোপণ করে বড় করে তোলার অঙ্গীকার করেন। এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহলও। তারা মনে করেন, ছাত্রদলের এমন পরিবেশবান্ধব কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। আয়োজকরা জানান, এমন উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *