দোহারে অনুপস্থিত প্রধান শিক্ষিকার দুর্নীতির তদন্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় অবস্থিত বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অনুপস্থিত প্রধান শিক্ষিকার দুর্নীতির তদন্তের দাবিতে বিক্ষোভ করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) প্রথমে বিদ্যালয়ের অভ্যন্তরে এবং পরে গেটের বাইরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ছাত্রীরা ১ বছরেরও বেশি সময় ধরে অনুপস্থিত প্রধান শিক্ষিকা কুলছুম বেগমের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগ এনে প্রশাসনের কাছে ৭৫টিরও বেশি দুর্নীতি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার দাবি জানিয়েছে।

তারা জানান, কুলছুম বেগম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন এবং গরীব ছাত্রীদের সঙ্গে তার দুর্ব্যবহার ও অশোভন আচরণ অসহনীয়।

সুমাইয়া আক্তার নামে এক ছাত্রী বলেন, আমরা চাই প্রশাসন আমাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করে শ্রেণি কক্ষে ফেরত পাঠায়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর আগস্ট মাসের ২৫ তারিখ থেকে প্রধান শিক্ষক কুলছুম বেগম অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, বেঞ্চ চুরি, পানির ট্যাংক চুরিসহ ৭৫টিরও অধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *