কেরানীগঞ্জে সৎ বাবার হাতে ছেলে নিহত

 কেরাণীগঞ্জ ( ঢাকা)  প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া এলাকা থেকে সৎ বাবার হাতে রাকিব (১৬) নামে নিহত ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি রাকিবের সৎ পিতা আজহারুল তাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেছে। নিহত রাকিব সাতক্ষীরা ফিরিঙ্গি থানার গাভা গ্রামের খাইরুল সরদারের ছেলে। বর্তমানে মায়ের সাথে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

আজ শনিবার বিকেলে একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছ পুলিশ।

নিহতের মা তফুরা খাতুন জানান, রাকিবের পিতার সাথে সংসার বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে আজাহারুল নামে এক ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু সংসারে শান্তি হয়নি,আজহারুলের সাথে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। এ কারণে সে আজাহারুলকে ডিভোর্স দিয়ে ছেলেকে নিয়ে আলাদা বাসায় চলে যায়। এতে আজহারুল ক্ষিপ্ত হয়ে গত দুদিন আগে রান্তা থেকে ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়ে তার কাছে মুক্তিপন দাবি করে। মুক্তিপণের টাকা দিতে না পারায় শনিবার সকালে আজহারুল ফোন করে জানায় তোর ছেলের মরদেহ তার ভাড়া বাসার ঘরের মধ্যে রয়েছে। পরে সেখানে গিয়ে দেখি তালাবদ্ধ ঘরের ভেতর ছেলের মরদেহ পড়ে আছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, ৯৯৯ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতের সৎ বাবা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘাতক আজহারুল পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *