নিজস্ব প্রতিবেদক: মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ও জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া খালের কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবির। সোমবার সকালে ঢাকা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলামের উদ্যোগ উপজেলার জয়পাড়া খাল কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম উদ্বোধন করেন।
জামায়াত ইসলামের ঢাকা জেলার সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসেন, দোহার থানা নায়েব আমীর মাওলানা দলিলুর রহমান, দোহার থানার সেক্রেটারি নুরে আলম ঝিলু, পৌর আমীর মো. সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, দোহার উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুকসহ জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জয়পাড়া খালের অধিকাংশ অংশই কচুরিপানায় আচ্ছাদিত। একসময় এই খাল ঘিরেই গড়ে উঠেছিল দেবীনগর বাজার। হাটে যাতায়াতের মূল পথ ছিল এই খাল। বর্তমানে কচুরিপানায় ভরাট হওয়ায় খালটি আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। কচুরিপানা ও বাজার এলাকার বর্জ্য জমে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে, মশার উপদ্রব বেড়েছে এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
স্থানীয় বাসিন্দারা জামায়াত-শিবিরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জয়পাড়া খালের কচুরিপানার ভোগান্তিতে ছিলাম। সন্ধ্যার পর দোকানে বসে থাকাও যেত না মশার উপদ্রবে। আজ জামায়াতের এই কার্যক্রমে আমরা উপকৃত হচ্ছি।
পৌর আমীর মো. সাখাওয়াত হোসেন বলেন, “খালটি উন্মুক্ত থাকলেও কচুরিপানার কারণে কার্যত এটি মৃত। এতে শুধু পরিবেশ নয়, মানুষের অর্থনৈতিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। সেই দিক বিবেচনা করে আমরা এই সামাজিক উদ্যোগ নিয়েছি।”
এ সময় কুসসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী বলেন, “জনগণের সকল সমস্যা সমাধানে দোহার জামায়াত সবসময় পাশে আছে। এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই।
