কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জনপ্রিয় বাউল শিল্পী কাজল দেওয়ানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর বক্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে মডেল থানার শাক্তা ইউনিয়নের ওয়াশপুর গ্রামে নিজ বাড়ির সামনে এ মানববন্ধনে দেওয়ান পরিবারের সদস্য ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শাকির দেওয়ান, আজাদ দেওয়ান, উজ্জ্বল দেওয়ান, কাঞ্চন দেওয়ান, ঝুলন দেওয়ান, সাগর দেওয়ান, ছোট খালেক দেওয়ান, গোলাম মানিক দেওয়ান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, বাউল ও পালাগানের ঐতিহ্যবাহী এই দেওয়ান পরিবারের দেশব্যাপী সুখ্যাতি রয়েছে। এই পরিবারের আদিপুরুষ সুফিসাধক হযরত দেওয়ান আলেপচান শাহ ওরফে আলফু দেওয়ানের হাত ধরে শুরু হয়েছিল লোকপ্রিয় পালাগানের ধারা। পরবর্তীতে তার দুই পুত্র মালেক দেওয়ান ও খালেক দেওয়ান এই সংগীত ধারাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। বর্তমানে এই ঐতিহ্য বহন করে চলেছেন পঞ্চম প্রজন্মের উত্তরসূরি কাজল দেওয়ান। বক্তারা আরও বলেন, মাতাল কবি রাজ্জাক দেওয়ানের পুত্র কাজল দেওয়ান তাঁর পিতার ন্যায় বাউল সংগীতের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু স্বার্থান্বেষী তথাকথিত শিল্পী ও তাদের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজল দেওয়ানকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়ে আসছে, যা দেওয়ান পরিবারের সম্মান ও ইতিহাসের জন্য হুমকিস্বরূপ। এ সময় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
