কেরানীগঞ্জে অপহৃত কিশোর উদ্ধার: গ্রেপ্তার দুই

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে মুক্তিপণের দাবীতে গার্মেন্টস কর্মী অপহৃত কিশোর মেহেদী হাসান বিপ্লব(১৪)কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১০। এই ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে তাজুল ইসলাম (২৬) ও মো. আকরাম হোসেন (২৫) । উদ্ধার হওয়া মেহেদী হাসান বিপ্লবের বাবার নাম মোঃ আবুল কাশেম। বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার রাজারামপুর কাশিগঞ্জ গ্রামে।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় একটি গার্মেন্টসে সহকারী কারিগর হিসেবে কাজ করছিল মেহেদী হাসান বিপ্লব । গত ১২ জানুয়ারি বিকেল ৩টার দিকে সে গার্মেন্টস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয়।
পরদিন ১৩ জানুয়ারি সন্ধ্যায় অজ্ঞাত অপহরণকারীরা বিপ্লবের মায়ের মোবাইলে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় বিপ্লবের বড় ভাই মো. মোকছেদুল হক দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

অপহরণের ঘটনা জানার পর র‌্যাব-১০ দ্রুত তদন্ত শুরু করে। ১৭ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপ্লবকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *