কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় ‘আসমা গার্ডেন সিটি’ নামে ৮ম তলা বিশিষ্ট একটি মার্কেট দখলের অভিযোগ পাওয়া গেছে।আর এই অভিযোগ উঠেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: সোহেলের বিরুদ্ধে।আজ রোববার দুপুরে মার্কেটের মালিক মো: রফিক তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এসময় কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি হাজী আব্দুল আজিজ শেখ,কালিগঞ্জ জেনারেটর মালিক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, আবু তাহেরসহ স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোঃ রফিক জানান, শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল ও যুবদল নেতা শাকিলের নেতৃত্বে ৪ শতাধিক লোক মার্কেট দখল নিতে আসে। এসময় তারা মার্কেটের কিছু অংশ ভাংচুর ও দোকানদারদের মারধর করে। পরে মার্কেটের দেয়ালে নাম পরিবর্তন করে ‘আহম্মেদ টাওয়ার’ নামে সাইনবোর্ড টানিয়ে দেয়। ২০০৭ সালে শুভাঢ্যা মৌজার আরএস ৯৮ খতিয়ানের ২ নং দাগে ১২ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক হয়ে তিনি নামজারী করেন। হালনাগাদ খাজনাও পরিশোধ করেন। ২০০৮ সালে ওই জমিতে তিনি ৮তলা বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করেন। বেশিরভাগ দোকানের পজিশন বিক্রি করেও দিয়েছেন তিনি। গত ১৮ বছর ধরে তিনি মার্কেটটি ভোগদখল করে আসছেন। কিন্তু শনিবার হঠাৎ করে সন্ত্রাসী সোহেলের নেতৃত্বে ৪/৫ শ লোক অস্ত্র সস্ত্র নিয়ে মার্কেটে হামলা চালিয়ে সাইনবোর্ড টানিয়ে দেয়। এবিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। দখলকৃত মার্কেটটির বর্তমান মূল্য প্রায় বিশ কোটি টাকা।
মার্কেট দখলের বিষয়ে বক্তব্য জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *