এমএ কাইয়ুম, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : নববাংলায় “ড্রেজারে ফসলি জমি ভরাটের মহাযজ্ঞ ! বিকট শব্দে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযান চালিয়ে ড্রেজার উচ্ছেদ করে দুই লাখ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার বিকেলে উপজেলার শ্রীনগর সদর ও ষোলঘর ইউনিয়নের শ্রীনগর-গোয়ালীমান্দ্রা সরকারী খালে স্থাপন করা অবৈধ ড্রেজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। এসময় ভুমি অফিসের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার ৪ জুলাই “ ড্রেজারে ফসলি জমি ভরাটের মহাযজ্ঞ ! বিকট শব্দে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন”
শিরোনামে নববাংলার অনলাইন পোর্টালে স্থানীয় ভূক্তভোগী কৃষকদের অভিযোগের ভিত্ত্বিতে একটি প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, আড়িয়াল বিলের শ্রীনগর অংশে অভিযান পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারা লঙ্গনের দায়ে ১৫ ধারায় দুটি ড্রেজার উচ্ছেদ করে হয়েছে ১ টি মামলায় ১জনের কাছ থেকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। তিনি আরো বলেন, কৃষি জমি, জলাশয়,পুকুর, ডোবা রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
